চুয়েটের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ ঘটনা হয়।

নিহতরা হলেন– চুয়েটের ২০২৪ ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্ণব চন্দ এবং টিপিই বিভাগের শিক্ষার্থী শান্ত। তাদের দুজনের বাড়িই সিলেটে। 

জানা গেছে, আজ দুপুরে ফুটবল খেলা শেষে অন্য তিন সহপাঠীসহ অর্ণব ও শান্ত হলের পাশের পুকুরে গোসল করতে যান। পুকুরের মাঝখানে যাবার পর হঠাৎ পানির নিচে তলিয়ে যান।

বিষয়টি বুঝতে পেরে অন্য সহপাঠী ও অন্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ২০ মিনিটের মধ্যে অর্ণব এবং প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করেন।

পরে গুরুতর অবস্থায় দুজনকে চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।