রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল ৬টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে  এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে ছেড়ে যাওয়া কুতুকছড়িগামী একটি পিকআপ ভ্যান মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং উল্টে গিয়ে দুর্ঘটনাকবলিত হয়।

দুর্ঘটনাস্থল ও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর মারা যান নানিয়ারচরের কৃষ্ণমা ছড়ার রূপন্ত চাকমার স্ত্রী মেঘরানী চাকমা (৪৫), কোতোয়ালি থানার আমানতবাগের মৃত পরাশ্বর চাকমার মেয়ে শান্তনা চাকমা (৩৮) এবং বিজয়নগরের মৃত ললিত চন্দ্র চাকমার ছেলে শান্তি রঞ্জন চাকমা (৬৫)।

দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে নানিয়ারচরের ঘিলাছড়ি গ্রামের শোভা চাকমার (৫২) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে পিকআপ চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং কোতোয়ালি থানার পিটিআই এলাকার বাসিন্দা সুমন চাকমাকে (৪৫) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। ঘটনার পরপরই সেনা ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।