রাজধানীর ডেমরায় একটি স্টিল মিলে ক্রেন দিয়ে মালবাহী কন্টেইনার নামানোর সময় নিচে পড়ে গিয়ে মো. লাইবুল হাসান (৩৫) নামে এক কন্টেইনার অপারেটরের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে ডেমরার ৬৭ নম্বর ওয়ার্ডের গলকাটা এলাকার মোহাম্মাদিয়া স্টিল মিল লিমিটেডে এ দুর্ঘটনা হয়।
নিহত লাইবুল হাসান রংপুর জেলার তারাগঞ্জ থানার ইকরচালী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মো. ফজলে হক ও মোছা. লাইলী বেগম দম্পতির ছেলে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) রাসেল সরদার বলেন, ‘আজ বিকেলে মোহাম্মাদিয়া স্টিল মিল লিমিটেডে ক্রেনের সাহায্যে একটি মালবাহী কন্টেইনার নামানোর কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত কন্টেইনারটি ছিটকে নিচে পড়ে গেলে অপারেটর লাইবুল হাসান মাথায় গুরুতর আঘাত আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।’
এসআই রাসেল সরদার আরও বলেন, ‘পরে আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’


