মাদরাসা ছাত্রদের সঙ্গে সংঘর্ষের পর পুলিশের বিজ্ঞপ্তি, যা বলা হলো  

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে মাদরাসা ছাত্রদের সঙ্গে সংঘর্ষের পর বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ। বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়।
 
পুলিশ লাইন্সের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জেলা পুলিশের বিবৃতি শিরোনামে ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে গতকাল মঙ্গলবার রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হওয়ার পর বিষয়টি সর্বাধিক গুরুত্বের সাথে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশ লাইন্স গেইটে এবং কম্পাউন্ড ডিউটিতে বিচ্যুতির অভিযোগে তিনজন পুলিশ সদস্যকে সকল ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার পূর্বক পুলিশ লাইন্স এ সংযুক্ত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি নিরপেক্ষভাবে উদঘাটনের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপারকে (প্রশাসন ও অর্থ) প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তদন্তাধীন বিষয়ে কোনো ধরনের অনুমাননির্ভর বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করা হচ্ছে। 

মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার শর্মা প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার কথা স্বীকার করেন। 

এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডার পুলিশ লাইন্সের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এতে পণ্ড হয়ে যায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ ও পাল্টা হামলায় মাদরাসার শিক্ষার্থী-পুলিশসহ ৩০ জন আহত হন।