চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় মো. ইউসুফ নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চুরির সময় ধাওয়া দিয়ে তাকে আটক করে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় গ্রাহকরা একত্রিত হয়ে মো. ইউসুফকে হাতেনাতে ধরে ফেলেন এবং এ সময় গণপিটুনিতে তিনি আহতও হন। এরপর প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করা হয় ইউসুফকে। বর্তমানে মতলব উত্তর থানায় ট্রান্সফরমার চুরির নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার মো. ইউসুফ বেগমগঞ্জ গ্রামের বাসিন্দা। স্থানীয়দের প্রতিরোধের সময় ইউসুফের ২/৩ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তার সহযোগীরা সবাই বেগমগঞ্জ এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম অহিদুজ্জামান জানান, সম্প্রতি মতলব উত্তর উপজেলায় ট্রান্সফরমার চুরির হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছিল। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য সংশ্লিষ্ট এলাকার পক্ষ থেকে ব্যাপক মাইকিং ও জনসংযোগ চালিয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়। আর এই জনসচেতনতা ও এলাকাবাসীর সতর্কতার কারণেই অবশেষে চোর চক্রের এক সদস্যকে হাতেনাতে ধরা সম্ভব হলো।