‘এনসিপি বয়কট’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে মিছিল-সমাবেশ করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। পাশাপাশি আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলেও তারা হুশিয়ারী দিয়েছে।
জাতীয় সংসদে এনসিপি’র সাংসদ হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে এই মিছিল সমাবেশ হয়েছে। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সমালোচনা করে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
ক্ষমা না চাইলে আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার হাসনাত আব্দুল্লাহ সংসদে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারে ব্যর্থতার বিষয়ে সমালোচনা করেন।