নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবঘোষিত কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জলসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনমনি বাজার থেকে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের প্রধান সড়কে দফায় দফায় এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ইউনিয়ন ছাত্রদলের নবঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুমুর রহমান শাকিল ও মো. রাব্বি রয়েছেন। রাব্বিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সুধারাম মডেল থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে নবঘোষিত কমিটির নেতাকর্মীরা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৫ আগস্ট ইয়াসিন আলম হাসানকে আহ্বায়ক এবং আবদুল্লাহ বিন আনোয়ার মাহিদকে সদস্য সচিব করে অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে সদর উপজেলা ছাত্রদল। এরপর থেকেই নবঘোষিত কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিতদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
শনিবার বিকেলে নবঘোষিত কমিটির নেতাকর্মীরা অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। একই সময়ে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সাগরের নেতৃত্বে পদবঞ্চিতরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় বিজয় মিছিলের দিকে যাওয়ার পথে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জল ও ইউনিয়ন ছাত্রদলের নবঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুমুর রহমান শাকিল হামলার শিকার হন বলে জানা গেছে।
খবর পেয়ে নবঘোষিত কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে ঘটনাস্থলে এসে মোশাররফ হোসেন সাগর ও তার অনুসারীদের ধাওয়া দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হন।
পরে নবঘোষিত কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে দিনমনি বাজারের দিকে গেলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে সুধারাম মডেল থানা ও ডিবি পুলিশের সদস্যরা অবস্থান নেন। এ সময় নেতাকর্মীরা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
নবঘোষিত কমিটির আহ্বায়ক ইয়াসিন আলম হাসান ও সদস্য সচিব আবদুল্লাহ বিন আনোয়ার মাহিদ অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ বিজয় মিছিলে মোশাররফ হোসেন সাগরের নেতৃত্বে পদবঞ্চিতরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। হামলাকারীরা খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার ভাঙচুর করেছেন বলেও অভিযোগ করেন তারা।
অন্যদিকে, অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন সাগর ও সাবেক সহসভাপতি মীর মোশাররফ হোসেন মিঠুসহ পদবঞ্চিতদের অভিযোগ, বিগত দিনে সংগঠনের জন্য শ্রম ও সময় দিয়েছেন এমন নেতাকর্মীদের বাদ দিয়ে গত ২৫ আগস্ট অছাত্রদের দিয়ে অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম টাকার বিনিময়ে অছাত্র, মাদকসেবী ও শ্রমিকদের দিয়ে কমিটি করেছেন বলেও অভিযোগ করেন তারা। ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান পদবঞ্চিতরা।
এ বিষয়ে সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘ত্যাগী ও যোগ্যদের নিয়েই কমিটি ঘোষণা করা হয়েছে। পদবঞ্চিতরা সব সময়ই এ ধরনের অবাস্তব অভিযোগ তুলে থাকেন।’
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে বিকেলের আগ থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’