সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া। বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকা সময় রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহেতর পারিবারিক সূত্রে জানা গেছে, একদল সশস্ত্র সন্ত্রাসী তার দোকানে হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই জামাল মিয়া নিহত হন। এ সময় দোকানে থাকা অপর এক কর্মচারী গুরুতর আহত হয়ে বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের বাবা মো. ছিডু মিয়া ব্যাপারী বাংলাদেশ ওয়েজ আর্নার্স প্রবাসী কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আহবান জানিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে যেন দ্রুত তার ছেলের মরদেহ বাংলাদেশে এনে নিজ গ্রাম সিপাইকান্দিতে দাফন করার ব্যবস্থা করা হয়।
পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারটির আর্থিক ক্ষতিপূরণ এবং দক্ষিণ আফ্রিকার প্রচলিত আইনের মাধ্যমে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
জামাল মিয়া জীবিকার তাগিদে ৪-৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে তিনি একটি ভ্যারাইটি সুপারশপ গড়ে তোলেন এবং নিজেই একজন কর্মচারী রেখে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। জামালের পরিবারে মা-বাবা-স্ত্রীসহ তিন সন্তান রয়েছে। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে নিহতের পরিবার এখন শোকাহত।