দুর্নীতি করলে আপনাদের মাধ্যমেই করব, সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী 

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি কর্মকর্তা) মাধ্যমেই করব। ধরেন, আমি যদি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা নিই, আপনাদের মাধ্যমেই নেব। এজন্য আমি অনুরোধ করব, যতক্ষণ আমরা দুর্নীতি প্রতিরোধ করতে না পারি, চেষ্টা চালিয়ে যাব। দুর্নীতি সবসময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা। দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব।’ 

‎মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া। সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা, এক তালে যাবে না এটা। তবে আমরা চাই, বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজটা পরিবর্তন হোক। যে সমাজে আমাদের ছেলে-মেয়েরা ভবিষ্যতে এমন একটা জীবন কাটাতে পারবে, যেটা তাদের জন্য হবে অর্থবহ।’

জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলির তদারকি ও সমন্বয়ক সংক্রান্ত বিষয় নিয়ে এ আয়োজন করা হয়।

‎জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও জেলা পুলিশ সুপার মো. আবু তারেক প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।