কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় সাধারণ শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ২০ সেপ্টেম্বর সকল বিভাগের ক্লাস- পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আব্দুল হাকিম জানান, অপ্রতিমের হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে ২০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিতে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। ঐদিন যেসব ক্লাস পরীক্ষা স্থগিত থাকবে সেগুলো পরবর্তী নতুন সময়সূচিতে নেয়ার জন্য নোটিস জারি করা হবে।
এদিকে অপ্রতিমের হত্যার ঘটনায় শনিবার বিকেলে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
শনিবার রাতে ময়নাতদন্ত শেষে অপ্রতিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আগামীকাল সোমবার সকাল দশটায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি। পরে তার বাবা কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অপ্রতিমের মুঠোফোনের অবস্থান শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত গন্ধমতী এলাকায় শনাক্ত হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এরপর ফোনটির আর কোনো অবস্থান পাওয়া যায়নি।
শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মরদেহের সঙ্গে অপ্রতিমের মায়ের আইফোনটি পাওয়া যায়নি।
অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। তার মরদেহ উদ্ধারের পর ঘটনাটির রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।