কক্সবাজারে অর্ধশতাধিক যানবাহনে হামলা ও ডাকাতি

কক্সবাজারের ঈদগাঁও ঈদগড় ও বাইশারী সড়কে অর্ধশতাধিক যানবাহনে হামলা ও লুটপাট করেছে ডাকাতরা। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দফায় হিমছড়ি ঢালা নামক এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী জানান, মুখোশধারী ডাকাত দল মিনিবাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্তত ৫০-৬০টি যানবাহনের যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়।

স্থানীয়রা জানান, প্রায়ই দিনদুপুরে এ সড়কে ডাকাতির কারণে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। গুরুত্বপূর্ণ এ সড়কে চেকপোস্ট বসানোর দাবি তাদের।

ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাজদার জানান, ডাকাত দলের সদস্যদের ধরতে পাহাড়ে অভিযান চালানো হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।