কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। তবে এখনো নিখোঁজ রয়েছেন এক নারী।
মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ জানান, ডিএনএর মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়া ১০ জন দুটি পরিবারের সদস্য। তাদের মধ্যে এক পরিবারের ৬ জন ও অন্য পরিবারের ৪ জন।
তিনি জানান, আজ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে থাকা মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে নিখোঁজের তালিকায় থাকা নাসরিন আক্তার মুক্তা নামের একজনের ডিএনএর সাথে উদ্ধার হওয়া মরদেহগুলোর নমুনার মিল পাওয়া যায়নি। মুক্তা সাভারের আশুলিয়ায় স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক ছিলেন।
অগ্নিকাণ্ডের পর প্রথমে রিসোর্ট থেকে ১০টি মরদেহ উদ্ধারের কথা জানায় কর্তৃপক্ষ। কিন্তু নিখোঁজের তালিকায় ছিলেন ১১ জন।
গত ১৭ অক্টোবর সকালে দিকে উখিয়ার পাটুয়ারটেক সমুদ্র সৈকত সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।