ইনানীতে মাটি খুঁড়তেই জ্বলে উঠল আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তেই নিচ থেকে গ্যাস বের হতে থাকে। এ সময় সেখানে আগুন জ্বলে ওঠে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে কয়েক ট্রাক বালু আনা হয়েছে।

এদিকে, আগুন বৈদ্যুতিক খুঁটির তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।

এ ঘটনায় গ্যাস নির্গত হওয়ার স্থানের আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মাটির নিচ থেকে নির্গত গ্যাসে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।