কাজের আশায় ভারতে গিয়ে কারাভোগ, পাঁচ বছর পর ফিরলেন ১০ নারী 

দীর্ঘ পাঁচ বছর কারাভোগ শেষে ভারতের পুনে রাজ্য থেকে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্টে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।

ফেরত আসা নারীরা হলেন—সুমি খাতুন, সাবিনা বেগম, নুরবানু, টুম্পা বেগম, হালিমা খাতুন, তন্বী আক্তার, মুন্নি আক্তার, জান্নাতি খাতুন, সামিয়া আক্তার ও শিরিনা খাতুন। তাঁরা যশোর, খুলনা, নড়াইল, ফরিদপুর ও চাঁদপুর জেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে পাঁচ বছর আগে বিভিন্ন সীমান্তপথে অবৈধভাবে ভারতের পুনে রাজ্যে যান ওই নারীরা। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় পুলিশের হাতে আটক হন তাঁরা। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে পুনে রাজ্যের কেন্দ্রীয় কারাগারে পাঠান।

ওসি আরও জানান, দীর্ঘদিন কারাভোগের পর দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শুক্রবার রাতে তাঁরা দেশে ফেরেন।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ১০ নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাঁদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে বলে জানান ওসি।