বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, ৩ কিশোর নিহত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার চর হাসান-ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলো– পূর্ব চরবাটা ইউনিয়নের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন, মো. কামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম (১৭) ও জসিম উদ্দিনের ছেলে ওমর ফারুক (১৮)। তাদের মধ্যে আব্দুল করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, করিম, শাহাদাত ও ওমর তিন বন্ধু একটি  মোটরসাইকেলে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিন মোটরসাইকেল আরোহী গুরুত্ব আহত হয়।  

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক করিম ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন। ওমরকে জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’