কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন। রাষ্ট্রদ্রোহ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে তার বিরুদ্ধে নগরীর পাচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এছাড়া, চাকরিবিধি অনুযায়ী জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের কারণে গত এক সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারিতে ছিলেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাংগীর আলম। প্রাথমিক তদন্তে তার মুঠোফোনেও মেলে প্রমাণ। ‘ডিসেম্বরের মধ্যে আগের অবস্থায় ফেরত যাবে বাংলাদেশ’ এবং ‘জীবন বাজি রেখে মাঠে নামবে’, এমন বার্তা মেলে সেখানে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এরপর নগরীর পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট ও পাচলাইশ থানার সদস্যরা। এ সময় তার সরকারি ও ব্যক্তিগত দুটি ফোন জব্দ করা হয়। সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এসব বিষয় নিশ্চিত করেছেন।
প্রাথমিক তদন্তে রাষ্ট্রদ্রোহের প্রমাণ মেলায় এসপি জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিসিএস-পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা জাহাংগীর আলম ২০১০ সালে বাহিনীতে যোগ দেন।