কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ সিএমপি অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট-এসআরইউ ও পাঁচলাইশ থানা পুলিশ। এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।
মোহাম্মদ জাহাংগীরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, জাহাংগীরের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে।
তিনি জানান, তার ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মামলার এজাহারে ডিসেম্বরে জনগণের মাঠে নামার বিষয়ে তার পাঠানো বার্তার উল্লেখ রয়েছে।


