বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ১ হাজার পর্যটক

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে দ্বীপে আটকা পড়েছেন ১ হাজার পর্যটক। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় বৃহস্পতিবার সকাল থেকে সেন্টমার্টিনের উদ্দেশে কোনো জাহাজ ছেড়ে যায়নি।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে। 

জেলা প্রশাসন জানান, আবহাওয়া অফিস জানিয়েছে–বৈরী আবহাওয়া কারণে কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই নির্দেশ বলবৎ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে।

এদিকে সেন্টমার্টিন দ্বীপে রিসোর্ট ব্যবসায়ীরা জানান, ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে যাওয়া পর্যটকদের মধ্যে প্রায় এক হাজার এখনো দ্বীপে অবস্থান করছেন। বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় তারা ফিরতে পারছেন না। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের কক্সবাজারে ফেরার সুযোগ তৈরি হবে।

গত ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এ রুটে জাহাজ চলাচল করছে পাঁচটি জাহাজ।