কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার বিকেলে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনটি রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটির মাথা এলাকায় একটি রেলক্রসিং অতিক্রম করার সময় অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, দুর্ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারে। আহত দুজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন সাজ্জাদ হোসেন রুবেল, তার সন্তান কাশিফা জান্নাত এবং দুই শিশু সাহিল ও মাশরুপা। তাদের সবার বাড়ি রামুর চাঁমদের পাড়া এলাকায়।
আহত দুজনের মধ্যে রয়েছেন নিহতদের পরিবারের সদস্য তানিয়া ও ৯ মাস বয়সী শিশু আয়াত মনি। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর থেকে অটোরিকশাচালকের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।