বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা পর্যটক, ট্রলারে ফিরলেন ৮ শতাধিক

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে গিয়ে তিন দিন ধরে আটকা পড়েন প্রায় দেড় হাজার পর্যটক। তাদের প্রায় ৮ শতাধিক পর্যটক শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ১৬টি সার্ভিস ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হন। সেন্টমার্টিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরজুল ইসলাম এ নিশ্চিত করেন।

জরুরি প্রয়োজন, অসুস্থতা এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের ফিরিয়ে আনতে এ ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার সকাল থেকে পর্যায়ক্রমে ট্রলারগুলো টেকনাফের উদ্দেশে যাত্রা করে। দ্বীপে আটকে থাকা বাকিদের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান।

এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ সংশ্লিষ্ট নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ সিদ্ধান্ত জানিয়েছে।

গত ১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরদিন বৃহস্পতিবার আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।

আটকে পড়া পর্যটকদের অভিযোগ, তারা সরকারি কোনো সহযোগিতা পাচ্ছেন না। এমনকি দ্বীপ থেকে ফিরে আসা পর্যটকদের জাহাজের ফিরতি টিকিটের টাকাও ফেরত দেওয়া হয়নি।