চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে বিদেশি অস্ত্রসহ আটক ২

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

গতকাল শনিবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাসটি খাগড়াছড়ি থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আটক ব্যক্তিরা হলেন–সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদ।

আজ রোববার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিত খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। একপর্যায়ে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদের কাছ থেকে ৭.৬২ মি.মি. একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

পরে বিধি মোতাবেক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে তাদের আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।