রেলওয়ের নিয়োগ দুর্নীতি মামলায় দুই সাবেক কর্মকর্তার কারাদণ্ড

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে দুর্নীতির মামলায় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছরের এবং সাবেক সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

দুদকের আইনজীবী মোকাররম হোসাইন জানান, ১৬ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে রেলওয়ের নিয়োগের দুদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এই রায় দিয়েছেন আদালত। রায়ের সময় আদালতে গোলাম কিবরীয়া উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

আদালতে মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ ও ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৪০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ নিয়োগের বিপরীতে ৩৮ হাজার ৩১৭টি আবেদন জমা পড়ে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৪ হাজার ৩০২টি আবেদন গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ১৩৯ জন প্রার্থী।

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করে পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের উত্তীর্ণ দেখানো হয়েছিল। লিখিত পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে নম্বর কাটাকাটি, ঘষামাজা ও পরিবর্তনের মাধ্যমে কয়েকজন প্রার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়। এ ছাড়া বিধিবহির্ভূতভাবে আট নম্বর গ্রেস দিয়ে কিছু প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছিল।