কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজারের কালিশ্বর রাস্তার মাথায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলো– চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর এলাকার শফিক মিয়ার ছেলে সিএনজিচালক আব্দুল মতিন (৩৫) ও অপরজন হিঙ্গলা এলাকার আহসানুল্লাহর ছেলে মোহাম্মদ আরিফ (৩০)।
আহতদের মধ্যে মোহাম্মদ ইয়াকুবের (৩৯) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই যাত্রী রাসেল (৪) ও সুফিয়া বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নিরঞ্জন কুমার বলেন, ‘নম্বরবিহীন একটি পিকআপ ভ্যান পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা চালকসহ পাঁচজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।’