কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।