চাঁদপুরে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর বোনের মৃত্যু 

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শিশু মরিয়ম আক্তার (৩) মারা গেছে। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত রোববার ওই অগ্নিকাণ্ডেই ঘটনাস্থলে পুড়ে মারা যায় তার দুই বছর বয়সী ভাই মো. আনাছ হোসেন।

​নিহত দুই শিশু ওই এলাকার উত্তর বড়কুলের আতিক মেম্বার বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।

​মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার দাদা আতিক মেম্বার জানান, ঢামেক হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। পারিবারিক কবরস্থানে ছোট ভাই আনাছের পাশেই তাকে দাফন করা হবে।

জানা গেছে, গত ​রোববার বিকেলে নাজির আহম্মেদ ও তার ভাই নেছার আহম্মেদের বসতঘরে হঠাৎ আগুন লাগে। সে সময় ঘরে ঘুমিয়ে ছিল শিশু আনাছ ও মরিয়ম। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই আনাছের মৃত্যু হয় এবং গুরুতর দগ্ধ অবস্থায় মরিয়মকে উদ্ধার করা হয়।প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। ওই অগ্নিকাণ্ডে নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ​খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইবনে জায়েদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ও দুটি ঘর পুড়ে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।