চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় আজ থেকে আবারও কমপ্লিট শাটডাউনে শিক্ষার্থীরা। শাটডাউনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
এর আগে বুধবার রাতে চুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আলোচনা সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দুই মাসের বেশি সময় শান্তিপূর্ণ আন্দোলন চললেও সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় বৃহস্পতিবার থেকে সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা। সভা শেষে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও বের করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে আজ চট্টগ্রামের আইইবি কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান করবেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলন করবে আইইবি চট্টগ্রাম কেন্দ্র।
২১ সেপ্টেম্বর উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে, অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর থেকে চুয়েটে অচলাবস্থা চলছে। ২৮ অক্টোবর ক্লাস শুরু হলেও প্রায় এক মাস পর আবারও শাটডাউনে গেলেন শিক্ষার্থীরা।