কক্সবাজারের ইনানীতে এক মাস ধরে জ্বলতে থাকা পরিত্যক্ত নলকূপের আগুন নিভেছে। আজ শুক্রবার সকালে সিমেন্ট প্লাগিং পদ্ধতিতে কূপটি বন্ধ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড–বাপেক্স।
সংস্থাটি ৩০ ইঞ্চি ক্যাসিন স্থাপন করে সারফেসের বিভিন্ন পয়েন্টের আগুন বন্ধ করে দেয়।
বাপেক্স জানিয়েছে, এখন নলকূপের গভীরতা অনুযায়ী ড্রিল পাইপ দিয়ে ১০০০ ফুট খনন করা হবে। সফলভাবে ১০০০ ফুট গভীরতা পর্যন্ত খনন করা গেলে মাটির নিচের গ্যাস বের হওয়ার মুখ তৈরি করা হবে। এরপর গ্যাসের অনুসন্ধান কার্যক্রম চালানো হবে।
গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে গ্যাস উদগীরণ হয়। এক পর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুন লেগে যায়।
বাপেক্স আরও জানায়, মাটির নিচের গ্যাস বের হওয়ার মুখ তৈরিতে কূপটির ফরম্যাশন প্রেশার ব্যালেন্স করে এবং প্রয়োজনীয় মাড ব্যবহার করা হবে। পরবর্তীতে জিওলজিক্যাল সার্ভে, সিক্সমিক সার্ভে সম্পাদন এবং মূল্যায়ন করে গ্যাসের পরবর্তী অনুসন্ধান কার্যক্রম করা হবে।