দুর্গম পাহাড় থেকে গ্রেপ্তার ডাকাত ফয়সাল

টেকনাফের গহীন পাহাড় থেকে ফয়সাল বাহিনীর প্রধানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার টেকনাফের রঙ্গীখালি এলাকার দুর্গম গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা ও ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফয়সাল উদ্দিন, কবির আহমেদ, ছৈয়দ হোসেন, দেলোয়ার হোছন, মিজানুর রহমান, বদি আলম।

র‍্যাব বলছে, টেকনাফের গহীন পাহাড়ে নিজেরা অস্ত্র তৈরি করে খুন, অপহরণ করে মুক্তিপণ আদায়, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক ব্যবসাসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে গহীন পাহাড়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল ডাকাত গ্রুপ ফয়সাল বাহিনী।

আজ শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক। তিনি বলেন, গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ফয়সালসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২টি একনলা বন্দুক, ৪টি এলজি, ১টি অর্ধনমিত এলজি, গোলা বারুদ উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা বলেন, অস্ত্র ব্যবসায়ীরা আরসাসহ সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিল।