লক্ষ্মীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজে যাওয়ার পথে এক শিক্ষার্থীকে কুপিয়ে ও ইট মেরে আহত করেছে বখাটেরা। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের সামাদ স্কুলদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
কলেজছাত্রীর পরিবারের অভিযোগ, দালালবাজার ডিগ্রি কলেজের ছাত্র তানজীদ আহমেদ রিয়ান তাঁর বখাটে বন্ধুদের নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত রিয়ান দালালবাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালুহাজী সড়কের প্রবাসী শামীমের ছেলে। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের পোশাক পড়ে প্রতারণার মাধ্যমে ক্লাস করতেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থী লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়ণরত।
ভুক্তভোগীর এক মামা বলেন, ঘটনার সময় ক্লাসের উদ্দেশে তাঁর ভাগ্নী বাড়ি থেকে কলেজে রওয়ানা হন। গাড়ি থেকে নেমে সামাদ স্কুল মোড় থেকে হেঁটেই কলেজে যাচ্ছিলেন। পথে পেছন থেকে তাঁর মাথায় ইট মারেন রিহান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথার সামনের অংশেও আঘাত করে। তখন রিহানের সঙ্গে আরও ১০-১২ জন ছিলো।
কলেজছাত্রীর মা বলেন, রিহান ও তাঁর বন্ধুরা আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সে এ ঘটনাটি ঘটিয়েছে। কে বা কারা আমার আমার মেয়েকে হাসপাতালের জরুরি বিভাগে এনে ফেলে রেখে গেছে। এই হামলার সঙ্গে জড়িত রিয়ানসহ সবাইকে আইনের আওতায় আনার দাবি করেন আহত কলেজছাত্রীর মা। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।