টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারের ফাইনাল পরীক্ষার দৌড়ে অংশ নিয়ে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।
ওই পুলিশ কর্মকর্তার নাম কামাল হোসেন (৪৬)। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাকঢাল গ্রামের মোকছেদ আলী ফকিরের ছেলে। কামাল হোসেন বরিশাল গোয়েন্দা পুলিশে এসআই হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৭ সালে তিনি পুলিশে যোগদান করেন। তাঁর তিন সন্তান রয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ডিআইজি মো. নজরুল ইসলাম এনডিসি। তিনি জানান, আজ সকালে তাদের প্রশিক্ষণের ফাইনাল পরীক্ষা ছিল। প্রথম এক কিলোমিটার দৌড়ানোর পরে কামাল হোসেন দ্বিতীয় পরীক্ষায় অংশ গ্রহণের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
এরপর প্রথমে সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাসহ পরিবারের সদস্যদের জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে তাঁর মৃত্যুর ঘটনায় পুলিশের অতিরিক্ত ডিআইজি আশফাকুল আলমকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।