মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক শিশু ও দুই নারীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন দুই বছরের শিশু ওমর ফারুক, পলি আক্তার ও শিউলি আক্তার। এদের মধ্যে শিউলি আক্তারের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
ভুক্তোভোগীর পরিবার জানায়, পনের বছর আগে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রামে বাড়ির ৩ শতাংশ জমি সৈয়দ আলী মাদবর দলিলমূলে মালেক সরদারের কাছে বিক্রি করেন। বর্তমানে মালেক সরদারের এক ছেলেকে বিদেশে পাঠানোর জন্য টাকার প্রয়োজন হলে ওই ৩ শতাংশ জমি বিক্রির উদ্যোগ নেন। পৈত্রিক জমি পুনরায় ক্রয় করার জন্য সৈয়দ আলী মাদবরের ছেলে ইব্রাহিম মাদবর ৮০ হাজার টাকা প্রস্তাব দিলে সেই টাকায় জমি ফেরত দিতে অস্বীকৃতি জানায় মালেক সরদারের লোকজন।
এই ঘটনার জেরে ইব্রাহিম মাদবরের ভাড়া বাসায় হামলা চালায় মালেক সরদারের লোকজন। এতে তিনজন আহত হন।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘কলেজ রোড এলাকায় জমির বিরোধ নিয়ে একটি মারামারি খবর পাওয়া গেছে। তবে থানায় কেউ এখনও এসে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’