কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর তিনটার দিকে উপজেলার পৌরসভা এলাকার দরিচরিয়া কোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু হালিমা (৭) দরিচরিয়া কোনা গ্রামের সুমন মিয়ার মেয়ে এবং অপর শিশু মিতি (৮) একই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।
স্বজনেরা জানান, বাড়ির পাশের পুকুরে গোসলের সময় অভিভাবকদের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় শিশু হালিমা ও মিতি। পুকুরের পানিতে অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও স্বজনেরা।
এ বিষয়ে কাটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশাররফ হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পৌরসভা এলাকার দরিচরিয়া কোনা এলাকায় দুটি পুকুরে গোসলের সময় পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। এজন্য অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়া পরামর্শ দেন তিনি।