রাজধানীর মগবাজারের সিটি স্টার নামে আবাসিক হোটেলের পাঁচতলার একটি কক্ষের দরজা ভেঙে জাকির হোসেন আজাদী (৪৩) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পেশায় তিনি সাংবাদিক ছিলেন বলে জানা গেছে।
রোববার দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ হোটেলটির পাঁচ তলার ৫১৫ নম্বর কক্ষের দরজা ভেঙে বাথরুমের ফ্লোরে উপুড় হয়ে পড়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। জাকির হোসেন আজাদীর বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি অবিবাহিত ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার তেমন যোগাযোগ নেই। তিনি ওই হোটেলে অনেক দিন ধরে থাকতেন।
'জাকির হোসেন সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন।' তবে কোনো গণমাধ্যমে তিনি কাজ করতেন তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা।
ওসি শাহ মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, 'আমাদের ধারণা গত দুই দিন আগে বাথরুমে গিয়ে অসুস্থ হয়ে সেখানেই মারা যায় তিনি। পরে খবর পেয়ে আজকে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও তিনি জানিয়েছেন।'