দেশের ৪ কোটি মানুষ ইউরোপের নাগরিকের মতো ধনী বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘দেশের ৪ কোটি মানুষ ইউরোপের নাগরিকের মতো ধনী। তাই বিশ্বমানের ফার্নিচারের চাহিদা দেশের বাজারেও বাড়ছে।’
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
এ সময় ফার্নিচার ব্যবসায়ীরা শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোন চান। তাদের মতে, প্রতিযোগীতা সক্ষমতা বাড়লে দেশের অন্যতম রপ্তানি খাত হবে ফার্নিচার।
এ সময় বক্তারা বলেন, ফার্নিচারের বিশ্ববাজার ৭০০ বিলিয়ন ডলারের। সেখানে বাংলাদেশের বার্ষিক রপ্তানি মাত্র ১০ থেকে ১২ কোটি ডলার। এ খাতের স্থানীয় বাজার ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার। ৭১ হাজার ব্যবসায়ী এবং ১৮ লাখ শ্রমিক জড়িত দেশের ফার্নিচার শিল্পে।
বক্তারা আরও বলেন, শ্রমিকের দক্ষতা বাড়ানোর পাশাপাশি এ শিল্পে আধুনিক প্রযুক্তির সংযোজন দরকার।
এবারের মেলায় ৩০ প্রতিষ্ঠানের দেড় শতাধিক স্টল অংশ নিয়েছে। মেলার ৫ দিন ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়।