স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পিটার হাসের জিজ্ঞাসা

বিএনপির মহাসমাবেশের দিন রাস্তাঘাট বন্ধ করা হবে কি না

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার কী পদক্ষেপ নেবে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিএনপির সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করলে সরকারের কোনো সমস্যা নেই বলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ বিষয়টি জানতে চান। এসময় মার্কিন রাষ্ট্রদূত দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে জানতে চান বলেও জানান তিনি।

বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বৈঠকে তিনি (পিটার হাস) জানতে চেয়েছেন বিএনপি যে একটি বিরাট কর্মসূচি দিয়েছে সেখানে অনেক লোক নিয়ে আসবে, সরকার রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না, কিংবা তোমরা অন্য কিছু করবা কি না।' 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি ওই ধরনের কোনো প্রোগ্রাম আমাদের নেই। আমরা মনে করি, তারা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে করবেন। কর্মসূচি যদি তারা শান্তিপূর্ণভাবে পালন করেন, তবে আমাদের কিছু বলার নেই।'