নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের টংগীবাড়ীর বেতকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ হাসান (২৭) টঙ্গবাড়ীর বেতকা এলাকার শাহজাহান শেখে ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত ১টি অ্যান্ড্রয়েড মোবাইলফোন, ২টি সীম কার্ড ও উগ্রবাদী বই জব্দ করে পুলিশ।
রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এটিইউ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে জাহিদ জানিয়েছেন, তিনি আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। তিনি বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন। জাহিদ তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে আনসারুল্লাহ বাংলা টিমের মতবাদ প্রচারের জন্য উগ্রবাদী বই ও প্রচারপত্র তৈরি করতেন।
জাহিদ তাঁর সহযোগী অন্যান্য আইডির সঙ্গে এনক্রিপ্টেড গ্রুপে উগ্রবাদী পোস্ট, প্রশিক্ষণের ভিডিও এবং জিহাদের ময়দানে শরিক হবার জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশ বিরোধী পরিকল্পনা করে আসছিলেন। ফেসবুক আইডির মাধ্যমে সরকার বিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস ও ভীতি সঞ্চার এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করছিলেন। তাঁর ব্যবহৃত মোবাইলফোনে সরকার বিরোধী ষড়যন্ত্র সংক্রান্ত বিভিন্ন লিংক পাওয়া গেছে এবং এর মধ্যে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত আলোচনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহিদের বিরুদ্ধে টংগীবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।