রেল লাইনের পাশে আড্ডা, ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় মো. ইবরাহীম (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইবরাহীম উপজেলার মাদবরেরচর ইউনিয়নের লপ্তীকান্দি এলাকার হিরু খানের ছেলে। মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্র ছিল সে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শিবচরের মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় রেল লাইনের পাশে আড্ডা দিচ্ছিল ইবরাহীম। এ সময় ভাঙ্গা থেকে আসা ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে ইবরাহীমের ধাক্কা লাগে। এতে ইবরাহীম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।

নিহ‌তের প্রতি‌বেশী নাজমুল হোসেন বলেন, আমার বাড়ির পাশে ছেলেটির বাড়ি। শুনেছি ট্রেন যাওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ও পাশে লাইনের পাথরের ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা নেওয়ার পথে মারা যায়।

মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদার বলেন, 'ইবরাহীমের এমন মৃত্যুতে আমরা সকল শিক্ষক মন্ডলী শোকাহত।'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার বলেন, একটি দুঃখজনক ঘটনা।