আগামী ১৫–২০ দিন ধ্বংসাত্মক কাজের চেষ্টা হবে: শামীম ওসমান

সারা দেশে আগামী ১৫ থেকে ২০ দিন ধ্বংসাত্মক কার্যকলাপের চেষ্টা করা হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, সামনের ১৫ থেকে ২০ দিন নির্মম ধ্বংসাত্মক কার্যকলাপ করার চেষ্টা করা হবে। সারা দেশে বড় ধরনের ভায়োলেন্স করার চেষ্টা করা হবে। যারা করাবেন, তারা কিন্তু আরামে থাকবেন। ফেঁসে যাবে যারা করতে গিয়ে ধরা খাবে।

কারও কথা শুনে ধ্বংসাত্মক কাজে না যাওয়ার জন্য নারায়ণগঞ্জের বিএনপির নেতা–কর্মীদের অনুরোধ জানান শামীম ওসমান। তিনি বলেন, যারা অপরাধী না তাদের সেভ করতে চেষ্টা করা হবে। দরকার হলে নিজে আইনজীবী নিয়োগ করব। আর যারা অপরাধ সংঘটিত করছে এবং অপরাধের নির্দেশনা দিচ্ছে তাদের ছাড় দেওয়া হবে না।

শামীম ওসমান বলেন, ‘আজকে নারায়ণগঞ্জে যদি বলা হয় ধর বিএনপি, পাঁচ মিনিটের মধ্যে বিএনপির প্রতিটা বাড়িতে হামলা হবে। যারা করবে, আমার কর্মীরা করবে, দোষ হবে আমার।’

সংসদ সদস্য শামীম বলেন, এই দুঃসময়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী যারা চালাকি করে অতিরিক্ত মুনাফার জন্য দাম বাড়িয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।

শামীম ওসমান আশঙ্কা প্রকাশ করে জানান, তিনি যখন নির্বাচনী প্রচারণা করবেন, তাকে মেরে ফেলার চেষ্টা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা প্রমুখ।