স্ত্রীকে হত্যার পর মাটি চাপা দিয়ে সবজি চাষ

গাজীপুর সিটি করপোরেশনের হাড়িনাল এলাকায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ১১ দিন পর অনুশোচনায় ভুগে আত্মসমর্পণ করেছেন স্বামী। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম।

গ্রেপ্তার স্বামী বেলায়েত হোসেন স্থানীয় হাড়িনাল দক্ষিণপাড়া আমজাদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে সবজি বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়িনালের ওই বাড়িতে স্বামী বেলায়েত ও তাঁর স্ত্রী রেশমা হোসেন  থাকতেন। গত ২৪ নভেম্বর পারিবারিক বিরোধে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির হয়। এক পর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির উঠানেই মরদেহ মাটিচাপা দেন বেলায়েত। পরে সেখানে সবজি চাষ করেন। কিন্তু এরপর থেকেই অনুশোচনায় ভুগতে থাকেন তিনি। সোমবার বেলায়েতকে সঙ্গে নিয়ে তাঁর মা  গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় আসেন। সেখানে আত্মসমর্পণ করে হত্যার ঘটনা সম্পর্কে বিস্তারিত বলেন বেলায়েত। পরে  রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, ‘থানায় আত্মসমর্পণ করে ঘটনার বিস্তারিত বলেন বেলায়েত। পরে ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’