মায়ের উপর অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর কামরাঙ্গীর চরে মায়ের উপর অভিমান করে আফরিন (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শিক্ষার্থী আফরিন মুন্সীগঞ্জের শ্রীনগর থানার খোদাইবাড়ী গ্রামের আব্দুর রউফ মিয়ার মেয়ে। বর্তমানে কামরাঙ্গীরচরের ইমান আলীর গলিতে ভাড়া থাকে তারা।

শুক্রবার রাত সোয়া নয়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীর বাবা মোঃ আব্দুর রউফ বলেন, ‘আমার মেয়ে আফরিন কামরাঙ্গীরচরের আশ্রাবাদ হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিবে। রাতে আমার বাসা থেকে ফোন আসে আফরিনকে লেখাপড়ার জন্য তার মা বকাঝকা দিলে সে ঘরে গিয়ে অনেকক্ষণ ধরে দরজা বন্ধ করে আছে। আমি খবর শুনে দ্রুত বাসায় চলে যাই। পরে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে দেখি আফরিন গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’ 

সন্তানের শোকে আর্তনাদ করে বাবা আব্দুর রউফ বলেন, ‘ভাইরে বড় ইচ্ছে ছিল মেয়েটাকে লেখাপড়া শিখাবো। কিন্তু এই যুগের ছেলেমেয়েদের একটু শাসনও করা যায় না। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল।’ 

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।