রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. কাউসার (২৭) নামে এক অটোরিকশাচালকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে হাসনাবাদ এলাকার মেইন রোডে এ ঘটনা ঘটে। 

নিহত কাউসার বরিশালের মইপুর থানার ডাবলু নগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি রাজধানীর হাসনাবাদ এলাকায় ভাড়া থাকতেন। 

নিহত কাউসারের স্ত্রী মাকসুদা বেগম জানান, সকালের দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন কাউসার। ভোরে হাসনাবাদের মেইন রোডে ছিনতাইকারীরা ছুরিকাঘাত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।