সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের পরাজিত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, নির্বাচনের রাত থেকে বিজয়ী প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সমর্থকরা আমার অসংখ্য কর্মীদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করছে। নির্বাচনে কাজ করা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ককটেল বিস্ফোরন ঘটাচ্ছে। আমাদের কোনো কর্মীর ওপর আঘাত করল আমরা ঘরে বসে থাকবো না।আমি ঘরে বসে থাকার মেয়ে না।
আজ বুধবার বিকেলে সিঙ্গাইর উপজেলার পুর্ব ভাকুম এলাকায় মমতাজ বেগম তাঁর নিজ বাড়িতে দলীয় কর্মীদের নিয়ে আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
মমতাজ বলেন, আমি ঘরে বসে থাকার মেয়ে না,আমি সারা দেশ চষে বেড়ানো মেয়ে, কর্মীদের ওপর হামলা করে আমাকে দাবায়ে রাখতে পারবে না। এরপর যেখানে যা ঘটবে আমরা এক সঙ্গে মোকাবিলা করবো। এক সঙ্গে দাঁড়াব।
সভায় নির্বাচনে বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলায় আহত এক কর্মীর ছবি দেখিয়ে কণ্ঠশিল্পী মমতাজ বলেন, আমার ছাত্রলীগ,যুবলীগের ছেলেদের বাড়ি থেকে বের হলে বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকরা তাঁদের ধাওয়া করছে। আমরা বলেছি নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু কালো টাকা দিয়ে তারা তিনটি ইউনিয়ন (বলধারা,বায়রা ও পৌরসভার একটি অংশ) বসবাস করা বিএনপির ভোট কিনে নিয়েছে। ওইসব ইউনিয়নে যেসব ভোটার বিদেশ থাকে এবং মারা গেছে, তাঁদের ভোট অস্বাভাবিকভাবে দিয়ে দেওয়া হয়েছে। এ কারণে তিনটি ইউনিয়নে অস্বাভাবিক ভোটের কাছে আমাকে পরাজয় গ্রহণ করতে হয়েছে।
ভিডিও দেখুন:কর্মীদের ওপর হামলার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, হামলার পর আমি স্ব-স্ব থানার ওসি এবং এসপিকে বিষয়টি জানিয়েছি। থানায় অভিযোগ পর্যন্ত দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমার কর্মীদের ওপর হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার বা আটক করা হয়নি।
অভিযোগের বিষয়ে মানিকগঞ্জ-২ আসনের বিজয়ী প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু সাংবাদিকদের মুঠোফোনে বলেন, নির্বাচনের পর মমতাজ বেগমের কোনো কর্মীর উপর আমরা কর্মীরা হামলা বা মারধর করেনি। উল্টো তার কর্মী সমর্থকরা আমার কর্মীদের ওপর নানা ভাবে অত্যাচার, নির্যাতন করছে।
সিঙ্গাইর- হরিরামপুর এবং সদরের একাংশ নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৯৪৬ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৮১ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৮৬৫ জন। এই আসনে দেওয়ান জাহিদ আহমেদ টুলু ৬ হাজার ১৭১ ভোট বেশি পেয়ে মমতাজে বেগমের বিরুদ্ধে নির্বাচনী করে বিজয়ী হয়েছেন।