মোল্লাবাড়ি বস্তিতে ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে সহায়তা দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর তেজগাঁও মোল্লাবাড়ি বস্তিতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মানুষদের ঘুরে দাঁড়াতে সরকার সহায়তা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে পুরে যাওয়া বস্তি পরিদর্শন করে এসব কথা জানান তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিসের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনে অধিকতর তদন্ত করা হবে। ক্ষতিগ্রস্ত সবাই যেন সহায়তা পায় তা নিশ্চিত করবে সরকার। প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতারাও ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’ 

আসাদুজ্জামান খান আরও বলেন, ‘এখানে কতগুলো গ‌রিব মানুষের বসবাস ছিল। তারা সহায়-সম্বল নিয়ে এখানেই থাকত। এখন যাতে এই মানুষগু‌লো আবার ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সরকার এবং আমরা চেষ্টা কর‌ছি।’

গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁও মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশের এই টিনের বস্তিতে কারওয়ান বাজারের মাছ ও সবজি বিক্রেতারা বসবাস করত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মধ্যরাতে লাগা এই আগুনে ঘুমন্ত অবস্থায় মা ও ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও কয়েকজন।

আগুনে নিঃস্ব হয়ে গেছে মোল্লাবাড়ি বস্তির প্রায় দেড় হাজার মানুষ। গৃহহীন হয়েছে প্রায় ২০০ পরিবার। অনেকে খোলা আকাশের নিচে রাত কাটানোর ব্যবস্থা করলেও, তীব্র ঠান্ডা আর খাবার নিয়ে কুলকিনারা পাচ্ছেন না।