বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয়েছে। বয়ান করছেন ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় অনুবাদ করছেন মাওলানা মনির বিন ইউসুফ। আগত মুসল্লিদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দুপুরে ময়দানে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ।
দেশের বিভিন্ন জেলা থেকে তাবলীগ জামায়াতের সাদের অনুসারীরা এ পর্বে অংশ নিয়েছেন। ৮৮টি খিত্তায় বিভক্ত ইজতেমা ময়দানে মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে জিকির আসকারে মশগুল, চলছে ধর্মীয় বয়ান।
মুসল্লিদের সুযোগ–সুবিধায় পানি, বিদ্যুৎ ,গ্যাস, টয়লেট ও পয়োনিষ্কাশনসহ সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও মুসল্লিদের চিকিৎসায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ।
মুসল্লিরা বলেছেন, ইবাদত–বন্দেগি আর ধর্মীয় বয়ান শুনে তারা সময় পার করছেন। এখানে ঈমান, আমলসহ তাবলীগ জামাতের ৬ উসুল নিয়ে আলোচনা হবে। দ্বীনের মেহনত ও আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ইজতেমার ময়দানে এসেছেন।
ইজতেমা ময়দানে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, গতকাল জোহরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। এরপর মাগরিব পর্যন্ত চলে ধর্মীয় বয়ান। শুক্রবার ফজরের পরে বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব। বাংলা তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ।
মোহাম্মদ সায়েম জানান, সকাল ১০টায় তালিমের মৌজু করবেন মাওলানা ইলিয়াস। জুমার আগে জুমার ফাজায়েল বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। জুমার পরে আরবি বয়ান করবেন শেখ মোফলে। বাংলা তরজমায় মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর, আসরের পরে বয়ান করবেন মাওলানা মোশাররফ। মাগরিবের পরে বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। বাংলা তরজমায় থাকবেন মাওলানা জিয়া বিন কাশেম।
এদিকে জুমার নামাজে অংশ নিতে গাজীপুর, ঢাকাসহ আশপাশের জেলার মুসল্লিরা আসতে শুরু করেছেন। এরই মধ্যে স্টেশন রোড থেকে কামারপাড়া সড়কটি যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। এ ছাড়া মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ কাজ করছে। যানজট এড়াতে নেওয়া হয়েছে বিশেষ ট্রাফিক পরিকল্পনা।
ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, টঙ্গী বিশ্ব ইজতেমার এবারের দ্বিতীয় পর্বে ১২ থেকে ১৪ হাজার বিদেশি মেহমান যোগ দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রায় তিন হাজারের বেশি বিদেশি মেহমান এবং দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ টঙ্গীর ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।
ইজতেমার আরও এক মুসল্লির মৃত্যু
বার্ধক্যজনিত কারণে ইজতেমায় আসা নবীর উদ্দিন (৬৫) নামে আরও এক মুসুল্লির মৃত্যু হয়েছে। তিনি জামালপুর জেলার গোয়ালের চর গ্রামের ছবির উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান। এর আগে ইজতেমা ময়দানে আগত ৫ মুসল্লির মৃত্যু হয়।
ভিডিও দেখুন:যাঁরা বয়ান করবেন
আগামীকাল শনিবার ফজরের পরে বয়ান করবেন ভারতের মাওলানা সাঈদ বিন সাদ, বাংলা তরজমায় মুফতি ওসামা ইসলাম, সকাল সাড়ে ১০টায় তালিমে হালকা মোয়াল্লেমেরদের সাথে কথা বলবেন ভারতের মাওলানা আব্দুল আজিম। জোহরের পরে বয়ান করবেন ভারতের মাওলানা শরিফ, বাংলা তরজমায় থাকবেন মাওলানা মাহমুদুল্লাহ, আসরের পরে বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ওসমান, বাংলা তরজমায় থাকবেন মাওলানা আজিম উদ্দিন। মাগরিবের পরে বয়ান করবেন ভারতের মুফতি ইয়াকুব, বাংলা তরজমায় মাওলানা মনির বিন ইউসুফ। রোববার ফজরের পরে বয়ান করবেন ভারতের মুফতি মাকসুদ, বাংলা তরজমায় মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। বাংলা তরজমায় মাওলানা মনির বিন ইউসুফ। রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।