ঈদের সরকারি ছুটি শুরু হওয়ায় নাড়ির টানে গ্রামে ফিরছে কর্মজীবী মানুষ। বাস, ট্রাক, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে চড়ে গাজীপুরসহ রাজধানী ছাড়ছেন তারা। এতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলছে অনেকটা ধীর গতিতে।
আজ সোমবার সকাল থেকে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। একই সঙ্গে বেড়েছে ঘরমুখো মানুষের ঢল। এতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ড বাজার, গাজীপুরা, টঙ্গীসহ বেশ কয়েকটি স্থানে গাড়ির ধীরগতি দেখা গেছে। তবে দীর্ঘ যানজট দেখা যায়নি। এছাড়া ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে গাড়ির ধীরগতি রয়েছে।
যাত্রী ও চালকেরা বলছেন, মহাসড়কের কয়েকটি পয়েন্ট গাড়ির ধীরগতি রয়েছে। এছাড়া চান্দনা চৌরাস্তায় মহাসড়কের পাশে গাড়ি পার্কিং থাকায় লেন সরু হয়ে গেছে। এছাড়া যাত্রী উঠানামা করায় গাড়ি ও মানুষের জটলা সৃষ্টির কারণে গাড়ি ধীরগতিতে চলছে।
হাইওয়ে পুলিশ বলছে, সোমবার বেশ কিছু তৈরি পোশাক কারখানা ছুটি হবে। এজন্য দুপুরের পর শ্রমিকসহ অন্যান্য যাত্রীদের চাপ বাড়বে মহাসড়কে। তবে বাড়তি চাপ সামলাতে আলাদা প্রস্তুতি রয়েছে তাদের।
পুলিশ বলছে, যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এখন পর্যন্ত মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



