মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় মাহমুদুল ইসলাম (১০) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার রেল সড়কের ৫নং সেতুতে দুর্ঘটনাটি ঘটে। শিশুটি রেললাইন পার হচ্ছিল। এমন সময় ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মাহমুদুল ইসলাম বড় কেশবপুর এলাকার হাকিম আলি বেপারীর কান্দি গ্রামের মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে। সে ইক্বরা রওজাতুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
ভাঙ্গা রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কয়েকজন শিশু শিক্ষার্থীর সঙ্গে মাহমুদুল ইসলাম মাদ্রাসা থেকে বের হয়। অন্যপ্রান্তে যাওয়ার জন্য রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভাঙ্গা রেলওয়ে থানার (বামনকান্দা) উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি দুঃখজনক।’
স্থানীয়দের অভিযোগ, এর আগেও রেললাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই এলাকাটি বেশ জনবহুল। রেললাইনের উভয়পাশেই মানুষের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান। লোকজন একপাশ থেকে অন্যপাশে যেতে রেললাইন পার হয়ে যায়। এতে করে দুর্ঘটনা ঘটছে। শিশুটিও রেল রাস্তা পার হতে গিয়েছিল। সঙ্গে থাকা অন্য শিশুরা পার হতে পারলেও সে ট্রেনের ধাক্কায় মারা যায়।