ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে পণ্যবাহী ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি।
আজ মঙ্গলবার সন্ধ্যা সারে ছয়টার দিকে ঘিওর উপজেলার ধূলন্ডী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের ভাটবাউর এলাকার শামসুল হকের ছেলে জুয়েল রানা (৩৫)। তিনি পেশায় কাচাঁমাল ব্যবসায়ী। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।
ঘিওর থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সন্ধ্যা সারে ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওরের ধুলন্ডি এলাকায় ঢাকাগ্রামী পণ্যবাহী একটি ট্রাক পাটুরিয়াগ্রামী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর পর নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে ফাঁড়িতে নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে ট্রাক চালক ও সহকারী পালিয়ে গেছে।’