ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ১২টি সড়কের নাম দেশের কবি-শিল্পীসহ বিশিষ্ট ব্যক্তিদের নামে নামকরণের প্রস্তাব করা হয়েছে । এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ডিএনসিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করপোরেশনের সভায় জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে ডিএনসিসির আওতাধীন বিভিন্ন সড়ক নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সিটি করপোরেশন একটি প্রস্তাব পাঠিয়েছে।
যেসব সড়কের নাম প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো–উত্তরা ৩ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের নাম কবি মাহাবুব উল আলম চৌধুরী সড়ক; ৭ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়ক কবি আলাউদ্দিন আল আজাদ সড়ক; ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ১০ নম্বর সেক্টর ব্রিজ পর্যন্ত শিল্পী আব্দুস শাকুর শাহ সড়ক; ৭ নম্বর সেক্টরের ২৭ নম্বর সড়ক থেকে ১১ নম্বর সড়ক ও ২ নম্বর সড়ক হয়ে রবীন্দ্র সরণি পর্যন্ত শিল্পী হাশেম খান সড়ক; ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়ক শিল্পী বাবুল আকতার সড়ক নামে প্রস্তাব করা হয়েছে।
দক্ষিণ মনিপুর সড়কের (কাজিপাড়া সেন্ট্রাল জামে মসজিদ থেকে ৬০ ফিট সড়ক পর্যন্ত) নাম শিল্পী রফিকুন্নবী সড়ক; বনানী ১২ নম্বর সড়কের নাম শিল্পী কাইয়ুম চৌধুরী সড়ক; মিরপুর-১৪ থেকে ভাষানটেক বাজার মাটিকাটা চেকপোস্ট পর্যন্ত প্রধান সড়কের নাম বীর মুক্তিযোদ্ধা সালেক মোল্লা সড়ক; কালশী রোড থেকে সিরামিক রোড পর্যন্ত ৩৬ নম্বর সড়কের নাম আকাস আলী মোল্লা সড়ক; হোল্ডিং নম্বর-৪৭ (কেয়ারী নীড়) থেকে হোল্ডিং নম্বর-১৫২ পূর্ব আহম্মদ নগর পর্যন্ত সড়কের নাম শিরিন রুখসানা কমিশনার সড়ক প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া ডিএনসিসির ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শেওড়াপাড়া, বাসস্ট্যান্ড সংলগ্ন শেওড়াপাড়া পীরেরবাগ হাজী পর্যন্ত অলি মিয়া সড়ক; মেট্রোরেল দিয়াবাড়ির গোলচত্বর এবং চত্বর থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত সড়কের নাম শিল্পী কামরুল হাসান সড়ক নামে প্রস্তাব করা হয়েছে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাস হলেই সংশ্লিষ্ট সড়কগুলোতে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হবে।