চট্টগ্রামে বিভিন্ন হত্যাকাণ্ডসহ অপরাধমূলক কর্মকাণ্ডে সিএনজি অটোরিকশার ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অপরাধ দমনে সিএনজি অটোরিকশার চালক ও মালিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর অনেক ক্ষেত্রে সিএনজি অটোরিকশা ব্যবহার করা হয়েছে। এসব অপরাধ প্রতিরোধে চালক ও মালিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অপরাধীদের শনাক্ত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সিএনজি অটোরিকশার চালক ও মালিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভালো চালকের স্বীকৃতি হিসেবে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।


