পিকআপভ্যান–রিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত বাবা-মা 

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় পিকআপভ্যান ও রিকশার মুখোমুখি সংঘর্ষে শাওন মন্ডল নামের ৮ বছরের শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে শিশুটির বাবা-মা। 

সোমবার সন্ধ্যা ৭টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, ‘নিহত শিশু শাওন মন্ডলকে সঙ্গে নিয়ে নিয়ে একটি রিকশায় নিমতলা থেকে কুচিয়ামোড়ার দিকে যাচ্ছিল চন্ডিবরদী গ্রামের শইলেন মন্ডল ও মনিকা মন্ডল দম্পতি। অপর দিক থেকে আসা মাওয়াগামী একটি পিকআপ রিক্সাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিশুটি নিহত হয়।’ 

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় তার বাবা-মা গুরুতর আহত হয়। ঘাতক চালক জহিরুলকে পিকআপ ভ্যানসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’